
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ১নং রামভদ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোসলেম হোসেন সরদার।
তাঁর প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গণসংযোগ ও প্রচার-প্রচারণা। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাঁর পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় হাজী মোসলেম হোসেন সরদারের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। তাঁদের দাবি, চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দিক থেকে তিনি বর্তমানে শীর্ষে রয়েছেন।
এব্যাপারে হাজী মোসলেম হোসেন সরদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে রামভদ্রপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “রামভদ্রপুর ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, নাগরিকসেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিতে চাই। এলাকার তরুণ সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করার ইচ্ছা রয়েছে।”
এদিকে, তার প্রচারমূলক ব্যানারে তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি.এস.এস., অনার্স ও এম.এস.এস. (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, হাজী মোসলেম হোসেনের প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সমর্থকদের ভাষ্য, যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় ভোটাররা তাঁকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন বলে তাঁরা আশাবাদী।
তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে রামভদ্রপুর ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাচ্ছে। এদিকে, হাজী মোসলেম হোসেন সরদার রামভদ্রপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।