
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: শরীয়তপুর প্রতিনিধি
দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস), শরীয়তপুর সদর উপজেলা শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬)
বাংলাদেশ দলিল লেখক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি সাগীর হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম পাহাড় স্বাক্ষরিত স্মারকলিপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো জন্য শরীয়তপুর-১ আসনের সাংসদ সদস্য সাঈদ আহমেদ (আসলাম) এর হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, ফরিদপুর বিভাগীয় ও শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল হক মিয়া সহ বাংলাদেশ দলিল লেখক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
এতে দলিল লেখকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে দেশের জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আধুনিকায়নের নামে যেন অভিজ্ঞ দলিল লেখকদের পেশাচ্যুত করা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
সমিতির উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স প্রদান বন্ধে প্রজ্ঞাপন জারি করা।
এ ছাড়া থানা ও জেলা পর্যায়ের দলিল লেখক কার্যালয়ে সরকারি খরচে বসার জায়গা ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করায় পেশাগত কারণে দলিল লেখকদের হয়রানি বা মামলায় আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, ফরিদপুর বিভাগীয় ও শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল হক মিয়া আশা প্রকাশ করেন, আইনমন্ত্রী দলিল লেখকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সাধারণ মানুষ ভূমি ও সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত সেবা আরও সহজ ও কার্যকরভাবে পাবেন।